• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

দুর্গাপূজার কেনাকাটায় জমজমাট মৌচাক-মালিবাগ, কম দামের আশ্বাস বিক্রেতাদের

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

দুর্গাপূজা যতই ঘনিয়ে আসছে, রাজধানীর মৌচাক, মালিবাগ ও তালতলা এলাকার বাজারগুলো ততই সরগরম হয়ে উঠছে। পূজার সাজগোজে নিজেকে রাঙাতে পোশাকের দোকানগুলোতে ছুটছেন নানা বয়সী ক্রেতারা। বিক্রেতারা বলছেন, এবার পোশাকের দাম তুলনামূলকভাবে কিছুটা কম রাখা হয়েছে।

এ বছরের পূজার মূল আয়োজন শুরু হচ্ছে রোববার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর মাধ্যমে, আর তা শেষ হবে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজার ছুটি শুরু হয়ে গেছে, ফলে বাজারগুলোতে ক্রেতার চাপও বেড়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সরেজমিনে মৌচাক, মালিবাগ ও তালতলা এলাকায় ঘুরে দেখা যায়, দোকানগুলোতে ক্রেতার ভিড় স্পষ্ট। ব্যবসায়ীরা আশা করছেন, সামনে আরও কয়েকদিন কেনাকাটার ব্যস্ততা আরও বাড়বে।

প্রতিবছরের মতো এবারও দোকানে মিলছে ছেলেদের পাঞ্জাবি-পায়জামা, শার্ট-প্যান্ট, মেয়েদের নানা ডিজাইনের থ্রি-পিস, শাড়ি এবং শিশুদের রঙ-বেরঙের পোশাক। অনেক প্রতিষ্ঠান পূজার বিশেষ অফার হিসেবে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।

বিক্রেতাদের দেওয়া তথ্যমতে, মেয়েদের থ্রি-পিস বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যে। ছেলেদের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে ৮০০ টাকা থেকে শুরু করে চার হাজার টাকায়। বিভিন্ন মানের শার্ট ও প্যান্টের দামও তুলনামূলকভাবে হাতের নাগালে রয়েছে।

মৌচাক মার্কেটের এক বিক্রেতা জুবায়ের রহমান জানান, শুরুতে ক্রেতার সংখ্যা কম থাকলেও এখন বিক্রি বাড়ছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রি কিছুটা কম হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

অনিকা ফ্যাশনের কর্ণধার মিলু জানান, চাহিদা অনুযায়ী বিক্রি এখনো শুরু হয়নি। তাই স্টক খালি করতে অনেক কম দামে পোশাক ছাড় দেওয়া হচ্ছে।

ক্রেতা রীতা রানী বলেন, ‘পূজার সময় গ্রামে যাওয়ার পরিকল্পনা আছে। পরিবারের সবার জন্য কেনাকাটা করছি। কিছু আগে কিনেছি, আজ শেষ মুহূর্তের কয়েকটা জিনিস নিতে এসেছি।’

পোশাকের পাশাপাশি বাজারে জমজমাট জুতা, গয়না এবং প্রসাধনী সামগ্রীর কেনাবেচাও। কেউ কেউ প্রয়োজনীয় জিনিসপত্র অনলাইন থেকে অর্ডার করলেও, বেশিরভাগই দোকানে এসে সরাসরি দেখে শুনে কিনছেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার