এসএম জামাল : ঢাকায় কুষ্টিয়ার মিরপুর উপজেলাবাসীর মতবিনিময় ও পরামর্শসভা অনুষ্ঠিত হয়েছে। এতে রাজধানীতে বসবাসরত মিরপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধসহস্রাধিক মানুষ অংশ নেন। পারস্পরিক যোগাযোগ, সামাজিক সম্প্রীতি, উপজেলার উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে সভায় আলোচনা ও মতবিনিময় হয়।
রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর রমনা পার্ক রেস্টুরেন্টের মিলনায়তনে এ প্রীতি সম্মিলন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচকদের একজন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “ঢাকায় বসবাসরত মিরপুর উপজেলার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। মিরপুরের উন্নয়ন ও মানুষের কল্যাণে ঢাকায় থাকা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে পারেন।”
তিনি বলেন, “নিজেদের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক বজায় রেখে এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ঢাকায় থাকা মিরপুরের মানুষদের অভিজ্ঞতা, দক্ষতা ও সামর্থ্যকে নিজ এলাকার উন্নয়নে কাজে লাগানো সম্ভব।”
বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক ও লেখক নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত সচিব এ কে এম টিপু সুলতান, সিনিয়র সাংবাদিক আব্দুল বারী, ব্যবসায়ী সংগঠক জাহাঙ্গীর হোসেন, ইমদাদুল হক সবুজ, সানজিদা লিটা, আব্দুল আলীম, কামরুজ্জামান কাকন, ব্যাংক কর্মকর্তা আব্দুর রহিম, আব্দুল বাছিত ও শিক্ষক সংগঠক আলমগীর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্বপ্নশীলন পত্রিকার নির্বাহী সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের নিউজরুম এডিটর এম. হাফিজ।
পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা মিরপুর উপজেলাবাসীর পারস্পরিক যোগাযোগ, সামাজিক সম্প্রীতি এবং উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।
বক্তারা বলেন, কর্ম ও জীবিকার প্রয়োজনে মিরপুর উপজেলার অনেক মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বসবাস করছেন। তাদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে সামাজিক বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি নিজ এলাকার উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত মিরপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা। ভবিষ্যতে মিরপুরবাসীর মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি আরও জোরদার করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।