• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংক স্বায়ত্তশাসিত হলে বিএসইসিও হবে : আনিসুজ্জামান চৌধুরী

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ব্যাংক স্বায়ত্তশাসন ফিরে পেলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) স্বায়ত্তশাসিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে পুঁজিবাজার অংশীজনদের সঙ্গে বিএসইসির চতুর্থ মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ ও সততা চর্চা করতে হবে এবং সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে। পুঁজিবাজার নিয়ে হতাশ না হয়ে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কো-অর্ডিনেশনের মাধ্যমে বাস্তব অবস্থা বুঝে কাজ করতে হবে এবং গুজব ছড়াতে দেওয়া যাবে না।

তিনি সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) রেজিস্ট্রেশন ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করে দ্রুত কার্যকর করার নির্দেশও দেন।

সভায় পুঁজিবাজার সংস্কারে গৃহীত উদ্যোগের অগ্রগতি, নতুন বিধিমালা বাস্তবায়ন, সার্ভেইল্যান্স আধুনিকায়ন, সেটেলমেন্ট সময় কমানো, কমোডিটি এক্সচেঞ্জ ও ফিউচারস মার্কেট চালু, রাষ্ট্রীয় মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তি, মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন, সাইবার নিরাপত্তা, এপিআই কানেকটিভিটি বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, মার্জিন বিধিমালা, ২০২৫; মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫ এবং পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫— এই তিনটি আইনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এগুলো কার্যকর হলে পুঁজিবাজারের আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন হবে।

তিনি বলেন, অতি শিগগিরই গেজেটে প্রকাশের মাধ্যমে মার্জিন বিধিমালা কার্যকর করা হবে। তবে শঙ্কার কিছু নেই। আমরা বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে বিধিমালা পরিমার্জন করেছি। প্রয়োজনে বাস্তবায়নের পরও ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সমন্বয়ের সুযোগ থাকবে।

বিএসইসি পুঁজিবাজারের উন্নয়ন, সংস্কার ও বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় অঙ্গীকারবদ্ধ বলে জানান তিনি। বাজার অংশীজনদের মতামত, পরামর্শ ও প্রস্তাবনা প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি সবাইকে সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মোমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের নির্বাহী পরিচালক নাবিল জসিম আহমদ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোতালেব, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আ স ম খায়রুজ্জামান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মাজেদা খাতুন, ডিএসইর পরিচালক রিচার্ড ডি রোজারিও ও মিনহাজ মান্নান ইমন, বিএপিএলসির পরিচালক ও নির্বাহী সদস্য কায়সার হামিদ, ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহীদুল ইসলাম, সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেসবাহ উদ্দিন, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহমুদা আক্তার, প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামানসহ বিএসইসির নির্বাহী পরিচালক ও পরিচালকরা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০