জনতা ব্যাংক পিএলসি. তে নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন মোঃ ইকবাল হোসেন খাঁ। এর আগে তিনি রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে দায়িত্ব পালন করেন।
মোঃ ইকবাল হোসেন খাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ব্যাংকিং ডিপ্লোমা (ডিএআইবিবি) ডিগ্রি অর্জন করেন।
বিআরসি নিয়োগের মাধ্যমে তিনি ১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২৮ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি রূপালী ব্যাংক পিএলসি‘র বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক এবং ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল ও খুলনা বিভাগীয় প্রধান পদে নিয়োজিত ছিলেন। তিনি রূপালী ব্যাংক প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ন বিভাগের দায়িত্ব পালন করেন- এরমধ্যে ঋণ, জনসংযোগ, ভিজিল্যান্স, এস্টাবলিশমেন্ট, নিরীক্ষা ও পরিদর্শন, বিজনেস ডেভলপমেন্ট, এ্যান্টি মানি লন্ডারিং, মনিটরিং এন্ড কমপ্লায়েন্স বিভাগ অন্যতম।
দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন কর্মশালায় তিনি অংশগ্রহণ করেন। রূপালী ক্রেডিট ম্যানুয়াল-২০১৩, রূপালী ক্রেডিট পলিসি, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন এবং রূপালী লোন রিভিউ পলিসি প্রণয়নে তিনি অনবদ্য ভূমিকা রাখেন। ১৯৭০ সালে ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।