রাজধানী ঢাকার বুকে মাতুয়াইল একটি বিশাল জনবসতিপূর্ণ এলাকা। প্রতিনিয়ত এখানে গড়ে উঠছে সুউচ্চ অট্টালিকা, বাড়ছে জনসংখ্যা, সম্প্রসারিত হচ্ছে নগরায়ণ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই বিশাল জনপদে শিশু-কিশোর, তরুণ সমাজ ও সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত খেলার মাঠ কিংবা মানসম্মত বিনোদনকেন্দ্র নেই।
প্রশ্ন হলো—উন্নয়ন কি শুধু ইট-পাথরের অট্টালিকা নির্মাণের নাম? মানুষের সুস্থ জীবন, শিশুদের শৈশব আর ভবিষ্যৎ প্রজন্মের মানসিক বিকাশের কি কোনো মূল্য নেই?
আমরা এমন উন্নয়ন চাই না, যেখানে শুধু ভবন বাড়বে, কিন্তু শিশুদের খেলার জায়গা থাকবে না; জনসংখ্যা বাড়বে, কিন্তু মানুষের নির্মল বিনোদনের সুযোগ থাকবে না।
মাতুয়াইলে অবিলম্বে একটি উপযুক্ত জায়গা নির্ধারণ করে আধুনিক খেলার মাঠ ও বিনোদন পার্ক নির্মাণের উদ্যোগ নিতে হবে।
মাঠটিতে শিশু-কিশোরদের খেলাধুলা, তরুণদের শরীরচর্চা, প্রবীণদের হাঁটাচলা এবং পরিবারের সদস্যদের অবসর কাটানোর উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও সরকারের দায়িত্বশীল মহলকে এই জনদাবির প্রতি জরুরি ভিত্তিতে দৃষ্টি দিতে হবে।
মনে রাখতে হবে, একটি খেলার মাঠ শুধু কয়েক বিঘা জমি নয়—এটি একটি সুস্থ সমাজের ভিত্তি, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখার অন্যতম মাধ্যম এবং আগামী দিনের নাগরিকদের সুন্দরভাবে বেড়ে ওঠার অধিকার।
আজ যদি আমরা আমাদের সন্তানদের জন্য একটি মাঠ নিশ্চিত করতে না পারি, তাহলে আগামী প্রজন্মের কাছে কী জবাব দেব?
তাই আসুন, দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে মাতুয়াইলে একটি আধুনিক খেলার মাঠ প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ হই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান—এই দাবিকে অবহেলা না করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।
আমাদের দাবি স্পষ্ট, মাতুয়াইলে আধুনিক খেলার মাঠ চাই। ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ বিকাশ নিশ্চিত করতে হবে। মাতুয়াইলের ন্যায্য নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মাঠ চাই, সুস্থ প্রজন্ম চাই—মাতুয়াইলের পরিকল্পিত উন্নয়ন চাই।
লেখক: মোহাম্মদ আলমগীর হোসেন ভুঁইয়া,
ভোরের সাথী সংঘঠনের
সদস্য, মাতুয়াইল, ঢাকা।