• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শরিয়াহভিত্তিক ডিজিটাল ব্যাংক চালু করতে চায় আকিজ রিসোর্স

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ডিজিটাল ব্যাংক নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্স লিমিটেড।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আকিজ হাউজে আয়োজিত “আকিজ রিসোর্স ডিজিটাল ইকোসিস্টেম: পরিবর্তনে নেতৃত্বদানকারী” শীর্ষক এক প্রেস মিটে প্রতিষ্ঠানটি এ কথা জানায়। তারা শরিয়াহভিত্তিক পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক চালুর প্রস্তুতি নিচ্ছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, “আকিজ রিসোর্স বিশ্বাস করে ব্যাংকিং শুধু লেনদেন নয়, এটি মানুষের আর্থিক ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির হাতিয়ার। ঐতিহ্যের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা এমন একটি ডিজিটাল ব্যাংক তৈরি করতে চাই, যা প্রযুক্তি, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে পরিচালিত হবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, মুনাফা ডিজিটাল ব্যাংক হবে বাংলাদেশের প্রথম শরিয়াহ-সম্মত, সম্পূর্ণ সুদমুক্ত ও পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক। এই ব্যাংকের মূল লক্ষ্য নৈতিক, স্বচ্ছ ও দায়বদ্ধ ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করা— যেখানে গ্রাহকরা সার্ভিস চার্জ ছাড়াই সব ধরনের ডিজিটাল ব্যাংকিং সেবা পাবেন।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এই উদ্যোগ বাংলাদেশের ইসলামী ফাইন্যান্স খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি হবে এমন একটি ব্যাংকিং ব্যবস্থা, যেখানে প্রযুক্তি ও শরিয়াহ নীতির সমন্বয়ে তৈরি হবে ন্যায্য, মানবকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক অভিজ্ঞতা।

চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, আমরা এমন এক ডিজিটাল ব্যাংকিং সেবা গড়ে তুলতে চাই, যা সবার জন্য উন্মুক্ত। প্রযুক্তির সহায়তায় দেশের প্রতিটি নাগরিক যেন ব্যাংকিংয়ের আওতায় আসে— এটাই আমাদের লক্ষ্য।

চিফ ডিজিটাল ও ইনোভেশন অফিসার ইঞ্জি. মো. ফিরোজ কবির জানান, আকিজ রিসোর্সের প্রযুক্তি টিম ইতোমধ্যে ভবিষ্যতের ব্যাংকিং অবকাঠামো তৈরি করছে। যেখানে ব্যাংকিং হবে দ্রুত, সহজ ও ব্যবহারবান্ধব। ব্যাংকের দরজায় না গিয়েও গ্রাহক তার সব আর্থিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন এবং আই-বিওএস লিমিটেডের প্রধান নির্বাহী এসকে মো. জায়েদ বিন রশিদ।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১