বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে দীর্ঘদিন ধরে “ঘনিষ্ঠ প্রতিবেশী ও কৌশলগত অংশীদারিত্ব” হিসেবে বর্ণনা করা হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, প্রযুক্তি ও সাংস্কৃতিক আদান-প্রদান ক্রমাগত বাড়লেও সীমান্ত বাস্তবতা বারবার সেই সম্পর্কের ভেতরে এক ধরনের টানাপোড়েন তৈরি করছে। বিশেষ করে সীমান্ত হত্যা, অবৈধ পুশইন, এবং চোরাচালানকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক বারবার উত্তেজনার মুখে পড়ছে।
বাংলাদেশ-ভারত সীমান্ত বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর একটি, যার দৈর্ঘ্য প্রায় চার হাজার কিলোমিটারের বেশি। এই বিস্তৃত ও অনেক জায়গায় অরক্ষিত সীমান্তে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা, অভিবাসন এবং অপরাধ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জটিলতা বিদ্যমান।
মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত এক দশকে হাজারের কাছাকাছি বাংলাদেশি নাগরিক সীমান্তে প্রাণ হারিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বা নির্যাতনে। সাম্প্রতিক সময়ে সীমান্ত হত্যা, কথিত পুশইন এবং সীমান্ত ব্যবস্থাপনা ঘিরে উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে।
মানবাধিকার সংস্থা ও বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই বাংলাদেশ–ভারত সীমান্তে প্রাণহানির ঘটনা ঘটে আসছে, যা দুই দেশের সম্পর্কে একটি সংবেদনশীল ইস্যু হিসেবে রয়ে গেছে। একই সঙ্গে পুশইন অভিযোগ এবং সীমান্ত নিয়ন্ত্রণের প্রয়োগ নিয়েও নিয়মিত পারস্পরিক অভিযোগ দেখা যায়।
এই প্রেক্ষাপটে সম্প্রতি বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আগমণকালে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্য নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। তিনি সীমান্তে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুই দেশের সম্পর্ককে প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া—সব ক্ষেত্রেই যৌথ সহযোগিতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে। তার ভাষায়, “একটা ক্রিকেট দল যদি মিলেমিশে হয়, তাহলে কত ভালো হবে। খেলাধুলা, স্বাস্থ্য, শিক্ষা, টেকনোলজি—সব মিলেমিশে কাজ করব। এজন্য উভয় পক্ষের সমর্থন থাকতে হবে।”
সীমান্তে চলমান উত্তেজনা, বিশেষ করে ‘পুশইন’ ইস্যু এবং ভ্রমণ ও বাণিজ্য সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নে তিনি আরও বলেন, “ভারত ও বাংলার একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। আমার তো মনে হচ্ছে না আমি বাংলাদেশে এসেছি। ভারতের ১৪০ কোটি আর বাংলাদেশের ২০ কোটি—এই ১৬০ কোটি জনগণের জন্য যা ভালো হয় সেটাই করা হবে। দুই দেশের জন্য ভালো হয় এমন পদক্ষেপই আগামী দিনে নেওয়া হবে।”
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যে সম্পর্কের “জনগণকেন্দ্রিক সহযোগিতা”র একটি ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এটি দুই দেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক ঘনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করে ভবিষ্যৎ সহযোগিতার বার্তাও দেয়।
তবে সীমান্ত বাস্তবতা সেই কূটনৈতিক বক্তব্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ কি না—তা নিয়েই প্রশ্ন রয়ে যাচ্ছে। একদিকে উন্নয়ন ও সহযোগিতার ভাষ্য শোনা গেলেও অন্যদিকে সীমান্তে নিরাপত্তা, অনুপ্রবেশ, পুশইন অভিযোগ এবং প্রাণহানির মতো সংবেদনশীল ইস্যুগুলো এখনো বিদ্যমান।
চোরাচালানও এই সীমান্ত বাস্তবতার একটি দীর্ঘস্থায়ী সমস্যা। গরু, মাদক, স্বর্ণ ও বিভিন্ন পণ্যের অবৈধ পাচার দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনাকে বারবার চ্যালেঞ্জের মুখে ফেলছে। ফলে নিরাপত্তা জোরদার করতে গিয়ে অনেক সময় স্থানীয় সাধারণ মানুষের জীবন ও চলাচলও প্রভাবিত হচ্ছে।
এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে—কূটনৈতিক বক্তব্যে “একই আকাশ, একই বাতাস”–এর যে চিত্র তুলে ধরা হচ্ছে, সীমান্তের বাস্তবতা কি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? সম্পর্কের ভেতরে আস্থা গড়ে তুলতে হলে শুধু সহযোগিতার ভাষা নয়, বরং মাঠপর্যায়ে বাস্তব সমস্যার কার্যকর সমাধানও জরুরি।
বাংলাদেশের অবস্থান সবসময়ই স্পষ্ট—সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং মানবাধিকারের প্রশ্নে কোনো আপস নয়। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা, পুশইন ইস্যুর স্বচ্ছ ও আইনগত সমাধান এবং চোরাচালান নিয়ন্ত্রণে কার্যকর যৌথ ব্যবস্থা গ্রহণ—এসবই আস্থার সম্পর্ক গড়ে তোলার মূল শর্ত।
অন্যদিকে ভারতের পক্ষ থেকেও যদি সত্যিকার অর্থে “১৬০ কোটি মানুষের কল্যাণ”কে অগ্রাধিকার দেওয়া হয়, তাহলে সীমান্ত ব্যবস্থাপনায় স্বচ্ছতা, পারস্পরিক সম্মান এবং জবাবদিহি আরও শক্তিশালী করা প্রয়োজন।
কারণ শেষ পর্যন্ত সীমান্ত কেবল মানচিত্রের রেখা নয়—এটি দুই দেশের মানুষের জীবন, নিরাপত্তা ও আস্থার প্রতীক। সেই আস্থা যত দৃঢ় হবে, সম্পর্কও তত টেকসই ও বাস্তবসম্মত হয়ে উঠবে।
লেখক: কামাল হোসাইন, গণমাধ্যমকর্মী