বিষয়: ফুলগাজী উপজেলার সার্বিক উন্নয়ন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং জনদুর্ভোগ লাঘবে ১০ টি দাবির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আমরা ফেনী জেলার সীমান্তঘেঁষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা ফুলগাজী উপজেলার অধিবাসী। ভৌগোলিক অবস্থান ও নদীমাতৃক বৈশিষ্ট্যের কারণে প্রতি বছরই এই অঞ্চলের মানুষ চরম বন্যা ও নানা অবকাঠামোগত সমস্যার সম্মুখীন হচ্ছে। উপজেলার জনদুর্ভোগ লাঘব এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি ও জরুরি হস্তক্ষেপের জন্য নিচে কয়েকটি অতি গুরুত্বপূর্ণ দাবি পেশ করছি:
১. সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই নদী বাঁধ নির্মাণ:
প্রতি বছর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে ফুলগাজীর কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। স্থায়ী সমাধানের লক্ষ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদীর বাঁধগুলো মজবুত ও টেকসইভাবে পুনঃনির্মাণ করা অত্যন্ত জরুরি।
২. বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি:
উপজেলায় কর্মসংস্থানের অভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় যুবসমাজকে স্বাবলম্বী করতে এবং বেকারত্ব দূরীকরণে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
৩. দারুল উলুম মাদ্রাসায় ৬ তলা বন্যা আশ্রয়কেন্দ্র কাম একাডেমিক ভবন নির্মাণ:
ফুলগাজী বাজার থেকে উত্তরে পরশুরামের দিকে যাওয়ার পথে ৭টি গ্রামের কয়েক লাখ মানুষ প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। আশপাশে কোনো আশ্রয়কেন্দ্র না থাকায় মানুষের সুরক্ষায় ‘ফুলগাজী দারুল উলুম মাদ্রাসা’টিতে একটি আধুনিক ৬ তলা বিশিষ্ট বন্যা আশ্রয়কেন্দ্র কাম একাডেমিক ভবন নির্মাণ করা প্রয়োজন।
৪. যুব প্রশিক্ষণ কেন্দ্রে কারিগরি কোর্স পুনরায় চালু করা:
ফুলগাজী যুব প্রশিক্ষণ কেন্দ্রে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চালু থাকা কারিগরি কোর্সসমূহ (যেমন: কম্পিউটার, এসি-ফ্রিজ ও মোবাইল সার্ভিসিং) পুনরায় চালু করা হলে স্থানীয় যুবকরা দক্ষ হয়ে কর্মসংস্থানের সুযোগ পাবে।
৫. ফুলগাজী সদর ইউপি গুরুত্বপূর্ণ রাস্তা উঁচু করা:
ফেনী-পরশুরাম সড়ক হতে ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলজট তৈরি হয়। রাস্তাটি অন্তত ৩ ফুট উঁচু করা প্রয়োজন।
৬. ফেনী-পরশুরাম সড়ক সংস্কার দ্রুত সম্পন্ন করা:
যোগাযোগের মূল মাধ্যম ফেনী-পরশুরাম সড়কটির সংস্কার কাজ দ্রুত শেষ করে সাধারণ মানুষের চলাচলের সুব্যবস্থা করার আবেদন জানাচ্ছি।
৭. ফুলগাজী সরকারি কলেজে অনার্স কোর্স চালু করা:
উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ফুলগাজী সরকারি কলেজে বিভিন্ন বিষয়ে অনার্স কোর্স চালু করার জোর দাবি জানাচ্ছি।
৮. ফুলগাজী বাজারে পাবলিক টয়লেট স্থাপন: প্রতিদিন কেনাকাটার জন্য ফুলগাজী বাজারে বহু নারী-পুরুষ আসেন। কিন্তু নারীদের জন্য পৃথক ও নিরাপদ কোনো শৌচাগার না থাকায় তারা চরম দুর্ভোগে পড়েন। বাজারের দুই প্রান্তে অতি দ্রুত দুটি আধুনিক পাবলিক টয়লেট স্থাপন করা আবশ্যক।
৯. পুরাতন মুনসিরহাট বাজারে মূল সড়কের যানজট ও দুর্ঘটনা নিরসন: ফেনী-পরশুরাম প্রধান সড়কের পুরাতন মুনসিরহাট বাজারে মূল রাস্তার ওপর সিএনজি, অটো ও অটোরিকশা বেপরোয়াভাবে দাঁড়িয়ে কৃত্রিম যানজট তৈরি করে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটাচ্ছে। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য দূরপাল্লার সিএনজি ও অটো স্ট্যান্ডগুলোকে প্রধান সড়ক থেকে সরিয়ে নিজ নিজ গ্রামীণ রাস্তার প্রবেশমুখে (যেমন: দরবারপুর, জিএম হাট, কমুয়া ইত্যাদি রাস্তার মুখে) সরিয়ে নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
১০. ফুলগাজীতে ‘প্রবাসী কল্যাণ ব্যাংক’-এর শাখা স্থাপন: দারিদ্র্য দূর করতে ফুলগাজীর বহু মানুষ জমিজমা বিক্রি বা চড়া সুদে ঋণ নিয়ে বিদেশে পাড়ি জমান। অনেক সময় দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। প্রবাসীদের সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ এবং পুনর্বাসনের সুবিধা পৌঁছে দিতে ফুলগাজীতে একটি ‘প্রবাসী কল্যাণ ব্যাংক’-এর শাখা স্থাপন করা অত্যন্ত জরুরি।
অতএব, আকুল আবেদন এই যে, ফুলগাজী উপজেলার সর্বস্তরের জনগণের সুনির্দিষ্ট ও জনগুরুত্বপূর্ণ উল্লেখিত দাবিগুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনদুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষের সদয় মর্জি কামনা করছি।
লেখক: ফুলগাজী উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষে—
কাজী আলা উদ্দিন আকাশ, ফুলগাজী, ফেনী।